প্রচ্ছদআন্তর্জাতিকবন্যা-ভূমিধসে আফগানিস্তান ও পাকিস্তানে ৪৪ জনের প্রাণহানি

বন্যা-ভূমিধসে আফগানিস্তান ও পাকিস্তানে ৪৪ জনের প্রাণহানি

আফগানিস্তানে প্রবল বন্যায় কমপক্ষে ৩১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে কয়েকগুন বেশি। পাকিস্তানেও ভারী বর্ষণ এবং ভূমিধসে ১৩ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অনেক।

আকস্মিক বন্যায় আফগানিস্তানের রাজধানী কাবুল, ময়দান ওয়ারদাক এবং গজনি প্রদেশ মারাত্মক আকার ধারণ করেছে। আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি রবিবার জানিয়েছেন, গত তিন দিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৪১ জন। তিনি বলেন, নিহতদের বেশিরভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারদাকের বাসিন্দা। বন্যায় প্রায় আড়াইশো গবাদিপশুও মারা গেছে।

পাকিস্তানের বিভিন্ন অংশে মৌসুমি ভারী বর্ষণ ও ভূমিধসে ১৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন সাতজন। এদের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টার বৃষ্টিতে ৯ জন প্রাণ হারিয়েছেন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র তৈমুর খান বলেছেন, ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা দেখা দেওয়ায় জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অন্তত ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও পড়ুন