প্রচ্ছদজাতীয়চট্টগ্রাম আর মোংলার পর এবার নেপালকে পায়রা বন্দর ব্যবহারের...

চট্টগ্রাম আর মোংলার পর এবার নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এফএও সদর দফতরে নবনির্মিত বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রী নেপালকে নবনির্মিত পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।

জাতিসঙ্ঘ ফুড সিস্টেমস সামিটের এক ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। সামিটটিতে যোগ দিতে দুই নেতাই রোমে অবস্থান করছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মোমেন বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যে নেপালের জন্য চালনা (মোংলা) ও চট্টগ্রাম বন্দর খুলে দিয়েছে। নেপাল নবনির্মিত পায়রা বন্দরও ব্যবহার করতে পারবে।’

মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন নেপালের প্রধানমন্ত্রী।

নেপালে পানিবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ৪০ মেগাওয়াট বিদ্যুতের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশের সাথে প্রথম ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য শুরু হওয়ার পর বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে পানিবিদ্যুৎ আমদানির পদক্ষেপ নেবে।

এসময় নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশে বিপুল সংখ্যক নেপালি শিক্ষার্থী পড়াশোনা করছে বলে উল্লেখ করেন।

এই বিভাগের আরও পড়ুন