চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে ৫ জন দালালকে আটক করেছে আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তাদের আটক করা হয়। পরে তাদের থানায় পাঠানো হয়।
আটককৃতরা হলেন- গোলাম কিবরিয়া (২৪), শাহাদাত হোসেন (২৫), আব্দুল আউয়াল (৩১), আবু কালাম (৩২) এবং সুজন সিংহ (৩৯)।
এদের মধ্যে চকবাজার ডিসি রোডের কালাম কলোনির আবু তালেবের ছেলে গোলাম কিবরিয়া, চকবাজার জয়নগর এলাকার গৌরাঙ্গ সিংহের ছেলে স্বপন সিংহ, বহদ্দারহাট খাজা রোড এলাকার মাহবুবুল আলমের ছেলে শাহাদাত হোসেন, পাঁচলাইশ জাতিসংঘ পার্কের পাশে ফাতেমা ম্যানশনের নুরুল হকের ছেলে আব্দুল আউয়াল এবং কুমিল্লা মুরাদনগরের আব্দুল রশিদের ছেলে আবু কালাম। আটকরা সকলে বেসরকারি বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন।
জানা গেছে, আটক শাহাদাত হোসেন ফ্যামিলি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে, স্বপন সিংহ ও গোলাম কিবরিয়া ইউনি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী। তারা চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের টার্গেট করে কম দামে ওষুধ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার নামে তাদের ল্যাবে নিয়ে গিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আটক সকলে বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। তাদের কাজ হাসপাতালের রোগীদের বুঝিয়ে তাদের ল্যাবে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন।
তিনি আরও বলেন, আজ সকালে মেডিসিন ওয়ার্ড থেকে আনসার সদস্যরা তাদের হাতেনাতে আটক করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণে তাদের থানায় পাঠানো হয়।
জেসি