শক্তিশালী পাসপোর্ট সূচকে ৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স- এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি মঙ্গলবার (১৮ জুলাই) শক্তিশালী পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করেছে। নতুন সূচকের তালিকায় বাংলাদেশের অবস্থান হয়েছে ৯৬তম স্থানে। এর আগে, গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।
নতুন সূচকে দেখা যাচ্ছে, ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশী পাসপোর্টধারীরা।
পাসপোর্টের এ সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এই দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।
তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করেছে ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি ও স্পেন। বর্তমানে এ তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।
তৃতীয় স্থানে আছে জাপানিরা। বর্তমানে ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন তারা।
কোন নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই সূচক।