প্রচ্ছদআন্তর্জাতিকভারতে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে ক্রেন ভেঙ্গে ১৭ জন নিহত

ভারতে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে ক্রেন ভেঙ্গে ১৭ জন নিহত

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার সাহাপুরে নির্মাণাধীন সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে ক্রেন ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

ক্রেন ধসে পড়া স্থাপনার নিচ থেকে ১৭ জনের মরদেহ বের করে আনা হয়েছে এবং এখনও অন্তত চারজন এর নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করছে স্থানীয় উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ করছে। তিনজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুম্বই থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে, সরলামবে গ্রামের কাছে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের কাছে কর্মীরা তৃতীয় দফার নির্মাণকাজে ক্রেন নিয়ে কাজ করছিলেন। সেখানেই ঘটে বিপত্তি। আচমকা ভেঙে পড়ে ক্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ জনের। আহতদের নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। মৃত বা আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

সাহাপুরের খুতাদি সারলাম্বে গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। গার্ডার মেশিন অর্থাৎ বিশেষ ধরনের যে ক্রেন ধসে পড়েছে, এগুলো সেতু, ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যবহার করা হয়।

ভয়াবহ দুর্ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। একনাথ শিন্ডে জানিয়েছেন, সহায়তায় হিসেবে মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে টাকা দেওয়া হবে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে মোদি বলেন, ‘মহারাষ্ট্রের শাহপুরে মর্মান্তিক দুর্ঘটনায় ব্যথিত। যাঁরা প্রাণ হারালেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।’

এই বিভাগের আরও পড়ুন