চট্টগ্রামে সকাল সন্ধ্যা হরতাল দিয়েছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। একইসঙ্গে দেশব্যাপী (রোববার ও সোমবার) দুদিনের অবরোধ কর্মসূচিও পালন করা হবে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
এদিকে হরতাল শান্তিপূর্ণভাবে সফল করতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।
অন্যদিকে চট্টগ্রামে হরতাল চলাকালীন অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
চট্টগ্রামের সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে সফল করতে সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাতে গুলশানের ৮১ নম্বর রোডের বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন (শুক্রবার) ১০ দিনের রিমাণ্ড চাওয়া হলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেসি