চকরিয়ায় বন্য হাতির আক্রমণে মো. হানিফ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের নরফাঁড়ি এলাকায় থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান।
নিহত মোহাম্মদ হানিফা উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ দুপুরের দিকে ফুলছড়ি বিট কার্যালয়ের নরফাঁড়ি এলাকায় একটি বন্য হাতি হানিফের ওপর আক্রমণ করে। এরপর বিকেল সাড়ে চারটার দিকে বনকর্মী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান।
যোগাযোগ করা হলে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ন আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জেনেছি।
এ বিষয়ে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার বলেন, হাতির আক্রমণে নিহত ব্যক্তির হাত, পা ও বুকের আঁচড়ের চিহ্ন ছিল। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেসি