আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার নগরের নন্দনকানন থেকে মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে বের হওয়া মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে সংবিধান সমুন্নত রাখতে যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাও দেশ এগিয়ে যাওয়ার অনন্য দৃষ্টান্ত। শক্তিশালী নির্বাচন কমিশন আছে বলেই এটি সম্ভব হয়েছে। তাই আমরা এই ঘোষিত তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলেই সবকিছু মসৃণ গতিতে এগিয়ে যাচ্ছে। তাই জনগণের আস্থা শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতীক নৌকায়। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনার সরকার নিরঙ্কুশ বিজয় লাভ করবে।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু টানেল, মেয়র মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন সহ চট্টগ্রামে সর্বত্র উন্নয়ন করেছন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।আগামী নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসন চট্টগ্রামবাসী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন।
এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, সেলিম উদ্দিন জয়, নুরুল আজিম রনি, মোরশেদুল আলম, মো. দেলোয়ার,হোসাইন আহমেদ রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম, সহসভাপতি, মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন, শেখ তৌহিদ আরদিন, জুবায়ের আলম আশিক,শুভ দত্ত. মো. রুবেল, ইসমাইল সাকিব ও ইয়াসির আরাফাত রিকু।
জেসি