আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ৯, ১০ ও ১১ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। আ জ ম নাছির উদ্দিনের একটি ঘনিষ্ট সুত্র বিষয়টি নিশ্চিত করেছন।
তবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে আসনে মনোনয়ন দিবেন সেখানেই তিনি নির্বাচনে লড়বেন বলে জানা গেছে ।
মনোনয়ন ফরম নেয়ার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিক ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু), রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর বাবুল প্রমুখ।
আ জ ম নাছির উদ্দীন একাধারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। ২০১৫-২০২০ মেয়াদে চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মকাণ্ডে জড়িত হন আ জ ম নাছির উদ্দিন। আশির দশকের শুরুতে তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। তিনি ১৯৭৭ সালে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি এবং একই সঙ্গে নগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন।
পরে ১৯৮০ এবং ১৯৮২ সালে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৮৩ এবং ১৯৮৫ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর আ জ ম নাছির উদ্দীন পর পর দুইবার নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালের নভেম্বরে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন তিনি।
জেসি
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের অবরোধ আওয়ামী লীগের উন্নয়নের জোয়ারে ভেসে গেছে’