প্রচ্ছদচট্টগ্রামপতেঙ্গায় ৯ ঘণ্টার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ

পতেঙ্গায় ৯ ঘণ্টার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মামলার ৯ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে কাঠগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার বাজালিয়া এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামি হলেন খুলনার বাটিয়াঘাটা উপজেলার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মো. সোলায়মান হাওলাদার (৩৩)। তিনি কাটগড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এবিষয়ে পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহী বলেন, “গত ৪ ডিসেম্বর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় গ্যারেজে রাখা এক লাখ ৯০ হাজার টাকা দামের মোটরসাইকেল (এফজেড এস ভার্সন ওয়ান) চুরি হয়। পরে ব্যক্তিগতভাবে ১৩ দিন বিভিন্ন এলাকায় খোঁজ করার পর গাড়িটি না পেয়ে সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১ টার দিকে থানায় মামলা করেন মোটরসাইকেল মালিক।”

তিনি আরও বলেন, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কাটগড় এলাকা থেকে চোর মো. সোলায়মানকে গ্রেপ্তার করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়া বাজালিয়া এলাকায় তার এক বন্ধুর বাড়ি থেকে চুরির মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন