অপেক্ষার প্রহর শেষ। আজ ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সুষ্ঠু করতে দেশজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আজ (রোববার) সকাল ৮টা থেকে সারা দেশে শুরু হবে ভোট, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে ভোটগ্রহণ উপলক্ষে শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
নির্বাচনে চট্টগ্রাম নগরী ও জেলায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা। সন্দ্বীপে বিজিবির পাশাপাশি মোতায়েন করা হয়েছে নৌবাহিনী।
এছাড়া নগর পুলিশের ৪ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে। আর জেলা পুলিশের মোতায়েন থাকবে ৪ হাজার ৫০০ সদস্য।
এদিকে সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে ভোটারদের নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করে মূল্যবান নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
শনিবার (৬ জানুয়ারি) রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে। তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে। প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনী এলাকার ভোট গ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেয়া হবে।
জনগণকেও ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকারের নির্বাচনী অনিয়ম- অনাচার প্রতিহত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
জানা যায়, চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ভোটার ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন, নারী ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫৬ জন।
চট্টগ্রামের মোট ভোটকেন্দ্র ২০২৩টি এবং ভোট গ্রহণ কক্ষ ১৩ হাজার ৭৩২টি। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৩ হাজার ২১৯ জন। ১০ শতাংশ অতিরিক্তসহ ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন মোট ৪৭ হাজার ৫৪৪ জন।
চট্টগ্রাম জেলার ২ হাজার ২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৬৩টিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে; শতাংশের হিসেবে যা ৭২ শতাংশের বেশি। এর মধ্যে জেলায় ১০১৩টি কেন্দ্র এবং নগরীতে ৪৫০টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রের নাম ও তালিকা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। সে হিসেবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপি-জামায়াত অংশ নিচ্ছে না। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদসহ সব মিলিয়ে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থীরা এবার ভোটে অংশ নিচ্ছেন।
জেসি