তীব্র শীতের মধ্যেই টানা দুদিন চট্টগ্রাম বিভাগসহ আরও বেশকিছু বিভাগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় এবং খুলনা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, বরিশালে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া শুক্রবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি, বজ্রসহ সৃষ্টি হতে পারে।
এদিকে আজ (বুধবার) দেশের বেশকিছু জেলার ওপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ; যা আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
এছাড়া রাজধানী ঢাকাসহ তিন বিভাগে আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া আজ খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই অবস্থায় আজ (বুধবার) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
প্রসঙ্গত, বুধবার (২৪ জানুয়ারি) সকাল ও সন্ধ্যায় চট্টগ্রামসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর থেকে বাড়ে শীতের তীব্রতা।
জেসি