প্রচ্ছদজাতীয়আজ সরস্বতী পূজা—নানা আয়োজন

আজ সরস্বতী পূজা—নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা আজ। সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন পূজামণ্ডপ ও হিন্দুরের ঘরে ঘরে অনুষ্ঠিত হবে পূজা। পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করবেন।

এদিকে পূজা উপলক্ষে নগরের বিভিন্ন মণ্ডপে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-ধর্মীয় আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, বস্ত্র বিতরণ, গীতা পাঠ, আরতি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান।

পঞ্জিকা মতে, মঙ্গলবার রাত ৮টা ৩৩ মিনিটি থেকে পঞ্চমী তিথির সূচনা হয়। আজ বুধবার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট পর পঞ্চমী তিথি শেষ হবে। তবে অধিকাংশ পূজা আজ বেলা ১২ টার মধ্যে সম্পন্ন করা হবে। বিকেল ও সন্ধ্যা থেকে বিভিন্ন মণ্ডপে রয়েছে নানান আয়োজন।

শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় এবং শ্রীপঞ্চমীর দিন সকালে সরস্বতী পূজা সম্পন্ন হয়। মঙ্গলবার সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয়েছে।

শাস্ত্র মতে, সরস্বতী মূলত বৈদিক দেবী। বেদে কিন্তু সরস্বতী প্রধান নদীর অধিষ্ঠাত্রী দেবী। সরস শব্দের অর্থ জল। সরস্বতী শব্দটির বুৎপত্তিগত অর্থে সরস (জল)-মতুন+ভীন (স্ত্রী)। অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবতী অর্থাৎ নদী।

দেবী সরস্বতী জ্ঞানদায়িনী, সর্বশুক্লা, তিনি বাগদেবী ও নিষ্কলা, নিত্যশুদ্ধা, তিনি বুদ্ধিদায়িনী ও মোক্ষদাত্রী। সরস্বতী জ্ঞান বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী হিসেবে পূজিত হয়ে আসছেন আদিকাল থেকে।

এদিকে বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার। পূজা উপলক্ষে আজ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অন্য মহাকবিরা সরস্বতী দেবীর বন্দনা করেছেন জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, ললিতকলা, সঙ্গীত, নন্দনতত্ত্ব তথা সকল বিদ্যার প্রতীকরূপে। তাই তিনি শ্রুতি ও শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ, কবিকূলের আরাধ্য দেবী।

আজকের এই শুভ দিনে সনাতন ধর্মাবলম্বী শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত রয়েছে।

লোকাচার অনুসারে, ছাত্রছাত্রীরা সরস্বতী পূজার আগে কূল খেতে পারে না। পুজার দিন কিছু লেখা নিষিদ্ধ। পূজার পরের দিনটি শীতলষষ্ঠী নামে পরিচিত।

জেসি

এই বিভাগের আরও পড়ুন