প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ছুরি মেরে যুবক খুন—গ্রেপ্তার ২

চট্টগ্রামে ছুরি মেরে যুবক খুন—গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে পূর্ব বিরোধ ও কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ রিয়াদ (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ৮ জন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে।

বুধবার (১৩ মার্চ) পৌনে ১টার দিকে চান্দগাঁও থানার হামিদচর কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আজ (বৃহস্পতিবার) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিহত রিয়াদের বাড়ি হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায়। তার বাবার নাম মো. মহসিন। তিনি কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন।

গ্রেপ্তাররা হলেন-বাবুল মিয়া ও অজয়।

জানা যায়, গ্রেপ্তার বাবুল মিয়ার অপকর্মের প্রতিবাদ করায় এ হামলা করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনারও অভিযোগ রয়েছে। গত মাসে ইকবালের রেস্তোরাঁর একজন কর্মচারীকে বাবুলের অনুসারীরা মারধর করেন। ওই ঘটনায় বাবুলের বিরুদ্ধে থানায় মামলা হয়।

পুলিশ জানায়, কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্ট মালিক মোহা. ইকবালের সঙ্গে কথা কাটাকাটি হয় বাবুল মিয়ার। এর জেরে বাবুলের অনুসারীরা ওই রেস্তোরাঁয় হামলা চালায়। এসময় কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, কথা কাটাকাটির জেরে ইকবালের রেস্তোরাঁয় হামলা চালায় বাবুলের অনুসারীরা। এসময় ওই রেস্তোরাঁর এক কর্মচারী নিহত হয় এবং আহত হয় ৮ জন।

ওসি আরো বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন