চট্টগ্রাম নগরের ইপিজেডে চায়না নাগরিকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চব্বিশ ঘন্টা ব্যবধানে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (১১ জুন) সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) অঞ্চলের প্রবেশ পথ সংলগ্ন রাজু কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—বরিশাল কোতোয়ালী থানার রুপাতলী এলাকার মোহাম্মদ হৃদয় (২৮), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পশ্চিম পাতাকাটা গ্রামের মো. ফেরদৌস (২৯) এবং চাঁদপুর জেলার সদর থানার মইশাদী মজুমদার বাড়ির রাজু মজুমদার (৩২)। তবে তারা তিনজনই ইপিজেড থানা এলাকায় বসবাস করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাত সাড়ে ৮টার দিকে নিউ এ্যারা ফ্যাশন বিডি নামক পোশাক কারখানার কর্মকর্তা, চায়না নাগরিক ঝেং কিং ঝিন (ZHENG QING ZHIN) বাজার করতে বেপজা আবাসিক এলাকার প্রধান গেটের ভিতর প্রবেশ করেন।
এ সময় কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে ছুরির ভয় দেখিয়ে তার পকেটে থাকা হুয়াওয়ে ব্র্যান্ডের স্মার্টফোনটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় গতকাল একই পোশাক কারখানার স্টোর কিপার রুবেল দাশ বাদী হয়ে একটি মামলা করেন।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানিয়েছেন, মামলা রুজুর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ছিনতাইয়ে জড়িত তিনজনকে শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।
জেসি