সৌদি আরব বৈদ্যুতিক যানবাহন তৈরির জন্য একটি চীনা কোম্পানির সাথে ৫.৬ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। বেইজিংয়ের সাথে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে মাধ্যমে আরব বিশ্বে নেতৃত্ব দানের কৌশল হিসেবেই এই চুক্তি।
রাজধানী রিয়াদে রবিবার ইলেকট্রিক এবং স্ব-চালিত গাড়ি নির্মাতা “হিউম্যান হরাইজন” এর সাথে গাড়ির উন্নয়ন, উৎপাদন এবং বিক্রয় সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত১০ তম আরব-চীন ব্যবসায়িক সম্মেলনের লক্ষ্য হল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে ঘিরে একটি “কৌশলগত” অংশীদারিত্ব বৃদ্ধি করা।
২৩টি দেশের প্রায় ৩,৫০০ এরও বেশি সরকারি কর্মকর্তা, বিনিয়োগকারী, ব্যবসায়িক প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা আরব লীগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রচারের জন্য চীন কাউন্সিলের সাথে এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক হিসাবে চীনের সাথে সৌদি আরবের সম্পর্ক এখনও মূলত শক্তিকে কেন্দ্র করেই ঘোরে। কিন্তু অর্থনীতিকে বৈচিত্র্যময় করার জন্য “ভিশন ২০৩০” পরিকল্পনার অংশ হিসাবে রিয়াদ বৈদ্যুতিক গাড়ি সহ অ-তেল খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে।
হিউম্যান হরাইজন চীনে “হাইফাই” ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল ইভি তৈরি করে পশ্চিমা বাজারেও সম্প্রসারণ এবং অগ্রসর হতে চাইছে। কোম্পানিটি মার্চ মাসে ঘোষণা করেছে যে এটি পশ্চিম ইউরোপ বা স্ক্যান্ডিনেভিয়ার দিকে নজর রেখে এই বছর ইউরোপীয় বাজারে প্রবেশ করবে।