প্রচ্ছদসারাদেশএনজিও কর্মীর আড়ালে অস্ত্র পাচার—গ্রেপ্তার যুবক

এনজিও কর্মীর আড়ালে অস্ত্র পাচার—গ্রেপ্তার যুবক

জাগো প্রতিবেদক

পেশায় একজন এনজিও কর্মী। কিন্তু এই পেশার আড়ালে গেল এক বছর ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করছিলেন অত্যন্ত সুকৌশলে। প্রতিবার এনজিও কর্মী পরিচয়ে পুলিশের চোখকে ফাঁকি দিলেও এবার আর শেষ রক্ষা হয়নি। অবশেষে অস্ত্র পাচারে জড়িত এনজিও কর্মী আরিফ উল্লাহকে (২৫) দুটি এলজিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) রাতে শহরের ৬ নম্বর ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান।

গ্রেপ্তার আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বারঘর পাড়ার আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, তিনি গত এক বছর ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করছিলেন। প্রতিটি অস্ত্রের মূ্ল্য ১৮ হাজার টাকা। এসব অস্ত্র তৈরি হয় মহেশখালীর গহীন পাহাড়ের কারখানায়। এনজিও কর্মী পরিচয় বেশ কয়েকবার অস্ত্র নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাচার করেন তিনি। একইভাবে গত সোমবার রাতে পাচারের সময় শহরের ৬নম্বর ঘাট থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এনজিও কর্মী আরিফ উল্লাহর উপর নজর রাখা হচ্ছিল। তিনি এনজিও কর্মী পরিচয়ের আড়ালে অস্ত্র সরবরাহ করতেন। পুরো চক্রের বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে তাদেরও আইনের আওতায় আনা হবে।

জেসি

আরও পড়ুন: চট্টগ্রামে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

এই বিভাগের আরও পড়ুন