চট্টগ্রাম নগরে খোরশেদ ম্যানশন নামের একটি ৪ তলা ভবন হঠাৎ হেলে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে নগরের বায়েজিদ থানার রৌফাবাদ হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা ভবনে থাকা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।
স্থানীয়রা জানায়, খোরশেদ ম্যানশনের ৪ তলার ভবনে ৮ পরিবার বসবাস করেন। আজ সন্ধ্যায় কিছু বুঝে ওঠার আগেই গোটা ভবন হঠাৎ নড়ে ওঠে। এসময় আতঙ্কিত হয়ে বাসিন্দারা ছোটাছুটি শুরু করে।
এ বিষয়ে ভবন মালিক মো. খোরশেদ অভিযোগ করে বলেন, ৩-৪ দিন ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে মাটি উত্তোলন শুরু করে। বিল্ডিংয়ের নিচের মাটি সরে যাওয়ায় আমার ভবনটি হেলে পড়েছে। সিডিএ’র ৫ তলা অনুমোদনে ৪ তলা পর্যন্ত তৈরি করা হয়েছে।
জানতে চাইলে বায়েজিদ সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, হেলে পড়া ভবনের পাশের খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে মাটি উত্তোলনের কাজ চলছে। যার কারণে এই ভবনের নিচের থেকে মাটি সরে গিয়ে দুটি পিলার ভেঙে পড়ায় ভবনটি উত্তর দিকে হেলে পড়েছে।
তিনি বলেন, ভবনটির পাশাপাশি একটি ৫ তলা ও আরেকটি ৩ তলার ভবন রয়েছে। সব ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। ভবনটি হেলে পড়ার প্রকৃত কারণ পরীক্ষা-নিরীক্ষা শেষে বুঝা যাবে।
জেসি