প্রচ্ছদচট্টগ্রামচকবাজারে চাঁদা না পেয়ে ব্যাটারি রিকশা চালককে মারধর

চকবাজারে চাঁদা না পেয়ে ব্যাটারি রিকশা চালককে মারধর

জাগো প্রতিবেদক

নগরের চকবাজারে চাঁদা না দেওয়ায় ইয়াসিন আরাফাত জুয়েল (৩১) নামে এক ব্যাটারি রিকশা চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে চকবাজার থানার ধুনীরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাঁর মুখে ও হাতে জখমের চিহ্ন রয়েছে।

জানা যায়, চকবাজার ধুনীরপুল থেকে রাহাত্তারপুল পর্যন্ত শতাধিক ব্যাটারি রিকশা চলাচলে করে। এসব নিয়ন্ত্রণে মরিয়া একাধিক গ্রুপ। গ্রুপের সদস্যরা ধুনীরপুল ও রাহাত্তারপুল এলাকা থেকে চাঁদা তুলে। তাদের দাবি করা চাঁদা কেউ না দিলে দলবদ্ধ হয়ে মারধর করা হয়। প্রতিদিন গ্রুপের সদস্যরা এসব এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ইয়াসিন আরাফাত জুয়েল বলেন, আজ (সোমবার) দুপুর ২টার দিকে আমি রিকশা নিয়ে এসে ধুনীরপুলে যাত্রী নামিয়ে গাড়ি ঘুরানোর সময় হঠাৎ মো. আলমগীর মিয়া ওরফে তরকারি রুবেল এসে গাড়ির চাবি নিয়ে ফেলে। এসময় তার কাছে চাবি চাইলে গেলে চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে চাবি পাশের খালে ফেলে দেয়। এ নিয়ে আমার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে আমাকে মারধর শুরু করে রুবেল। এরপর তার সঙ্গে আরও ৫-৬ জন এসে যোগ দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের সামনেও আমাকে মারধর করে। ঘটনার পর আমি চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, এই ঘটনার বিষয়ে আমার জানা নেই। এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। এ ঘটনায় খোঁজ নিয়ে দেখার কথা জানান তিনি।

জেসি

এই বিভাগের আরও পড়ুন