প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়িয়েছে শীতের তীব্রতা

চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়িয়েছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক

বন্দর নগরী চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে ও সন্ধ্যায় চট্টগ্রামসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই আভাসই যেন সত্যি হলো।

এদিকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। ভোর থেকেই প্রচণ্ড কুয়াশা। সকাল ১০টার পরও দেখা মেলেনি সূর্যের। তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে গেছে। বেশ কয়েকদিন ধরে কুয়াশা আর তীব্র শীতে কাঁপছে পুরো দেশ।

অন্যদিকে দেশের ৪ জেলাসহ চার বিভাগে বইছে শৈত্যপ্রবাহ। অন্য এলাকাগুলোতে শীতল বাতাস বইছে। অনেক জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শীত চলতি জানুয়ারি মাসের পুরো সময়জুড়ে থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই থেকে তিন দিন দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং থাকতে পারে মেঘ। ফলে এসব এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই-এক দিন মেঘ-বৃষ্টি থাকতে পারে। এরপর আবারও শীত বাড়তে পারে।

এদিকে আজ (বৃহস্পতিবার) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কমতে পারে রাতের তাপমাত্রা।

জেসি

এই বিভাগের আরও পড়ুন