আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি শুরু আজ (বৃহস্পতিবার)। বাঙালি জাতি পুরো মাসজুড়ে ভালোবাসা ও শ্রদ্ধা জানাবে ভাষা শহীদদের প্রতি।
১৯৫২ সালের এদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
ভাষার মাস ফেব্রুয়ারি একদিকে শোকাবহ হলেও অন্যদিকে রয়েছে গৌরবোজ্জ্বল দিক। কারণ, এ মাসে পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন।
এদিকে আজ থেকে রাজধানী ঢাকায় মাসব্যাপী বইমেলা শুরু হচ্ছে। বাংলা একাডেমিতে বিকেল ৩টায় এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত অমর একুশে বইমেলা এবার সিআরবির শিরীতলায় আগামী ৯ ফ্রেরুয়ারি থেকে শুরু হবে। ২৩ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২ মার্চ।
রোববার (১৪ জানুয়ারি) বিকেলে টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন।
জেসি