সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।
জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা কেন্দ্র রয়েছে ২১৯টি। মোট ১ হাজার ১২৫টি স্কুলের ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষায়। এরমধ্যে চট্টগ্রাম জেলায় ১ লাখ ৩৪৫ জন, কক্সবাজার জেলায় ২২ হাজার ৯৭৮ জন, রাঙামাটি জেলায় ৮ হাজার ২৪৬ জন, খাগড়াছড়ি জেলায় ৯ হাজার ৪০৬ জন এবং বান্দরবান জেলায় ৪ হাজার ৬১৫ শিক্ষার্থী রয়েছে।
চট্টগ্রামে মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৬ হাজার ৮০৩ জন ছাত্র এবং ১৮ হাজার ৬৭১ জন ছাত্রী, মানবিক বিভাগ থেকে ১৬ হাজার ২৩৭ জন ছাত্র এবং ৩৫ হাজার ৩৯২ জন ছাত্রী, ব্যবসায় শিক্ষা থেকে ৩০ হাজার ৬৬৪ জন ছাত্র এবং ২৭ হাজার ৮২৩ জন ছাত্রী পরীক্ষার্থী রয়েছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দভাবে সম্পন্ন করতে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
তিনি বলেন, এবার সর্বমোট ৭২টি ভিজিল্যান্স টিমের মধ্যে সাধারণ ভিজিল্যান্স টিম ৬০টি এবং বিশেষ ভিজিল্যান্স টিম ১২টি। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেসি