ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে একটি থিয়েটারে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলায় ছয় বছর বয়সী এক মেয়েশিশুসহ সাতজন নিহত হয়েছে এবং কমপক্ষে ১৪৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
পুলিশ জানায় আহত ১৪৪ জনের মধ্যে ১৫ জন শিশুও রয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ।
স্থানীয় সময় শনিবার সকালে শহরের ইমপসিং থিয়েটারে রুশ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে ১০০ মিটার দূরে একটি ভবনে আগুন ধরে যায় এবং পার্শ্ববর্তী ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়।
চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র বিবিসিকে জানান, থিয়েটারটিতে তখন একটি সমাবেশের আয়োজন চলছিলো।
বিবিসি জানায়, নিহতদের মধ্যে কিছু ব্যক্তিও ছিল যারা গির্জায় অর্থোডক্স খ্রিস্টান ছুটি উদযাপন করছিলেন। এ ছাড়া হামলায় একটি প্রধান চত্বর এবং একটি বিশ্ববিদ্যালয় ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ এই ক্ষেপণাস্ত্র হামলাকে “জঘন্য” বলে অভিহিত করেছে জাতিসংঘ। এ ছাড়া রাশিয়ার এই সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের সৈন্যরা কড়া এবং তীব্র জবাব দেবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
চেরনিহিভ বেলারুশের সঙ্গে ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
নগরীতে এক হামলায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। যদিও হামলার বিষয়ে কোন মন্তব্য করেনি রাশিয়া।