চট্টগ্রামের সীতাকুণ্ডে ছিন্নমূল পাথরিঘোনা দুর্গম পাহাড়ি এলাকায় জাহাঙ্গীর আলমের বাগান বাড়ি। আর সেই বাগান বাড়িতে তৈরি হতো অস্ত্র। বিক্রি হতো স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ি এবং ডাকাত দলের সদস্যদের কাছে এমন সব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র্যাব।
২২ আগস্ট,মঙ্গলবার সকালে জাহাঙ্গীর আলমের বাগান বাড়িতে হানা দেয় র্যাব-৭। একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো.জাহাঙ্গীর আলম (৩৯) ও মো. ইউসুফের ছেলে মো. ইমন (২৪) কে হেফাজতে নেওয়ার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের ছিন্নমূল পাথরিঘোনা দুর্গম পাহাড়ি এলাকায় জাহাঙ্গীরের বাগান বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ি এবং ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতরা ৭-৮ বছর ধরে অস্ত্র তৈরির পেশায় জড়িত। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষিকাজ করতো। মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য পাচার সহ মোট আটটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।