প্রচ্ছদজাতীয়আজ দশমী - মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

আজ দশমী – মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

জাগো প্রতিবেদক

আজ (মঙ্গলবার) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের শারদীয় দুর্গোৎসব।

প্রতিটি মণ্ডপে আনন্দের পাশাপাশি বাজছে বিদায়ের সুর। বিসর্জনের মাধ্যমে দেবী দূর্গা মর্ত্যলোক ছেড়ে ফিরে যাবেন কৈলাসে। এবার দেবী এসেছিলেন ঘোটকে (ঘোড়া) চড়ে। আর ফিরবেনও ঘোটকে।

আজ সকালে দশমী পূজা শেষে ভক্তদের দেওয়া হবে পুষ্পাঞ্জলি। এরপর দেবীকে দেয়া হবে পান, তেল, সিঁদুর, মিষ্টি। বিবাহিত নারীরা সংসারের সুখ, শান্তি ও স্বামীর মঙ্গল কামনায় একে অন্যের মাথায় দেবেন তেল, কপালে পরিয়ে দেবেন সিঁদুর। তরুণ, কিশোর, কিশোরীরা শ্রীশ্রী মা দুর্গা হাতেলেখা ১০৮ বার নামের চিরকুট গুঁজে দেবেন দেবী দুর্গার হাতে।

এদিকে পতেঙ্গা সমুদ্র সৈকত, অভয়মিত্র ঘাট, কালুরঘাট, কাট্টলীসহ প্রায় ৯ স্থানে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুর ১ টা থেকে শুরু হবে বিসর্জন। এর আগে সকাল থেকে বিসর্জন কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে গতকাল সোমবার পালন করা হয় নবমী পূজা। এদিন পূজার পাশাপাশি প্রতিটি মণ্ডপেই ছিল নানা আয়োজন। দর্শনার্থী আর ভক্তদের সরব উপস্থিতিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি মণ্ডপই ছিল মুখরিত।

এছাড়া বৃষ্টিকে উপেক্ষা করে ভক্ত ও দর্শনার্থীরা পায়ে হেঁটে ছুটে বেরিয়েছেন মণ্ডপে মণ্ডপে। উৎসবের শেষ দিন হওয়ায় গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপগুলো আনন্দে মেতে ছিল। তবে আনন্দের পাশাপাশি ছিল বিদায়ের কষ্টও।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর-এর সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে পতেঙ্গা সমুদ্র সৈকতে বিসর্জনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ১০টায় বিসর্জন কার্যক্রম শুরু করা হবে। সকল পূজা কমিটিকে সন্ধ্যার আগেই বিসর্জন শেষ করার অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর এর হিসাব অনুযায়ী ২৯৩ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

এনইউএস/জেসি

এই বিভাগের আরও পড়ুন