প্রচ্ছদজাতীয়বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী দল বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ (৮ নভেম্বর) সকাল থেকে। চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

আজ (বুধবার) সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ পালিত হবে। বিএনপি ছাড়াও জামায়াত, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, গণফোরাম-বিপিপিসহ কয়েকটি দল ও জোট পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে।

সোমবার (৬ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে একইদিন এক বিবৃতিতে আহ্বান জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ ও ৯ই নভেম্বর ৪৮ ঘণ্টার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত হবে।

প্রসঙ্গত, ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করে বিএনপিসহ মিত্ররা।

এর আগে গত ৩১শে অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি এবং ২৯ অক্টোবর সারা দেশে হরতাল পালিত হয়েছে।

জেসি

পড়ুন : ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা

এই বিভাগের আরও পড়ুন