প্রচ্ছদচট্টগ্রামশ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

নিজস্ব প্রতিবেদক

শ্রীশ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ (রোববার) । শ্যামাপূজা সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব।

এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে আজ সন্ধ্যায় প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলী উৎসবের। দীপাবলী সনাতন ধর্মাবলম্বীদের উৎসব বিশেষ। এটি দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসপ্তিকা এবং যক্ষরাত্রি নামে অভিহিত। দীপাবলি শুধু সনাতনধর্মীদের নয়, শিখ এবং জৈন ধর্মাবলম্বীদেরও অনুষ্ঠান। বাংলাদেশে দীপাবলির দিনে কালী পূজা হয়-তাই দীপাবলি আর কালী পূজা একসাথে গাঁথা।

বাংলায় “দীপাবলি হিন্দুতে “দিওয়ালি যার অর্থ প্রদীপের সারি। দীপাবলির আলোয় দূর হবে সকল অশুভ শক্তির, ঘটবে শুভ শক্তির আবির্ভাব। দীপাবলি হচ্ছে শ্যামা পূজার অন্যতম আকর্ষণ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজার (কালীপূজা) আয়োজন করা হয়।

বিশুদ্ধ পঞ্জিকামতে, আজ রোববার দুপুর ২টা ৪৩ মিনিট পর শুরু হবে অমাবস্যা তিথি। এই তিথি শেষ হবে পরদিন সোমবার রাত ২টা ৫৬ মিনিটে।

পুরাণ মতে কালী দেবী দুর্গারই অপর এক শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা শক্তির পূজা ও শক্তির আরাধনা। জগতের অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম্য। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্যা মা, তারা মা, চামুণ্ডা, ভদ্রকালী, মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। এদিকে নগরীর যেসব মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে তার অধিকাংশ মণ্ডপেই আয়োজন করা হয়েছে শ্যামাপূজার ।

নগরীর বিভিন্ন স্থানে এবারও শ্যামাপূজা মহাসমারোহে অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় মঙ্গল কামনায় প্রতিটি পূজামণ্ডপসহ ঘরে ঘরে জ্বালানো হবে প্রদীপ। এছাড়া বিভিন্ন পূজামণ্ডপে আজ বিকাল থেকে আলোচনা সভা, সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান, বস্তু ও মহাপ্রসাদ বিতরণসহ রয়েছে নানা কর্মসূচি ।

পূজা অনুষ্ঠিত হবে আজ রাত ১২টায়। পূজা শেষে ভক্তরা তাদের মনোবাসনা কামনায় দেবেন অঞ্জলি ও পাঠাবলি।

জেসি

পড়ুন : পতেঙ্গায় রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভা

এই বিভাগের আরও পড়ুন