চট্টগ্রামের মিরসরাইয়ে সাতসকালে লরি চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ঘাতক লরিটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়েছে।
নিহতরা হলেন-পাবনা জেলার সুজা নগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৪৫), একই জেলা ও থানার রায়পুর গ্রামের মালেক ব্যাপারির ছেলে শফিকুল ইসলাম (৪২), ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিনীল গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনের পূর্বপাশ হয়ে স্থাপন হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইনের কাজ করছে দীপন গ্যাস নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
ঠিকাদারী প্রতিষ্ঠানের চার কর্মচারী সড়কের পাশ দিয়ে হেঁটে কাজে যাওয়ার সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা দেয়। এরপর লরিটি মূল সড়কে উঠতে গিয়ে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের চার কর্মচারীকে চাপা দেয়। এসসময় ঘটনাস্থলে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী মো. ইসমাইল বলেন, সকাল ৬টার দিকে একটি রেস্টুরেন্টে নাস্তা করে কাজে যাওয়ার সময় চারজনকে দ্রুতগতির একটি লরি চাপা দেয়।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, ঘাতক লরিটি আটক করা হয়েছে। তবে লরির চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জেসি