প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে স্মার্ট স্কুলবাস চালু—অভিভাবকরা পাবেন খুদে বার্তা

চট্টগ্রামে স্মার্ট স্কুলবাস চালু—অভিভাবকরা পাবেন খুদে বার্তা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরে চালু হয়েছে স্মার্ট স্কুলবাস চলাচল। তবে আগামীকাল মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের নিয়ে বাস সড়কে চলবে। প্রত্যেক শিক্ষার্থীর যাওয়া-আসায় খরচ হবে ৫ টাকা করে ১০ টাকা।

সোমবার (২৭ নভেম্বর) সকালে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘স্মার্ট স্কুলবাস। এ সময় বাসে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

জেলা প্রশাসন জানায়, লাল রঙের বাসটিতে রয়েছে ডিজিটাল হাজিরা যন্ত্র। শিক্ষার্থীরা বাসে ওঠা ও নামার সময় এই যন্ত্রের সামনে স্মার্ট কার্ড চাপ দিলে খুদে বার্তা পেয়ে যাবেন অভিভাবকরা। এছাড়া ঘরে বসেই জিপিএস ট্র্যাকিং ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাস ও শিক্ষার্থীর অবস্থানও দেখতে পারবেন তাঁরা।

আরও জানা যায়, নগরের ১০টি স্কুলবাসে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা ডিভাইস ও আইপি ক্যামেরা স্থাপন করে এসব বাসকে ‘স্মার্ট’করা হয়েছে। গত অক্টোবর মাসে স্মার্ট জেলা উদ্ভাবন চ্যালেঞ্জ-২০২৩–এর আওতায় প্রথম পুরস্কার পায় এই প্রকল্প। জানুয়ারি মাস থেকে পুরোদমে এমন ১০টি স্কুলবাস সড়কে চলবে।

এদিন দুপুরে ডিজিটাল হাজিরা যন্ত্রের সামনে স্মার্ট কার্ড চেপে স্মার্ট বাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ আবুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন রাশেদ মোস্তফা, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম, চট্টগ্রাম নগরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

জেসি

পড়ুন : চট্টগ্রামে স্মার্ট স্কুল বাস চলাচল শুরু সোমবার—ভাড়া ৫ টাকা

এই বিভাগের আরও পড়ুন