প্রচ্ছদজাতীয়বুধবার ফের অবরোধ—বৃহস্পতিবার হরতাল

বুধবার ফের অবরোধ—বৃহস্পতিবার হরতাল

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের এক দফা দাবিতে আজ (বুধবার) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দল ও জামায়াতে ইসলামী। এছাড়া আগামীকাল (বৃহস্পতিবার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে।

আজ বুধবার ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অষ্টমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করা হবে। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত থাকবে।

এদিকে বুধবারের অবরোধ সফল করার জন্য নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করবেন। সরকার নাশকতা করে এর দায় চাপাতে পারে। সেদিক থেকে সতর্ক থাকতে হবে। যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে আছি। এই কর্মসূচি সফল করতে হবে।

অন্যদিকে এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।  তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছু নেই। গণআন্দোলন গড়ে তুলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।’

এছাড়া ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।

জেসি

পড়ুন : রোববার—সোমবার ফের অবরোধ

এই বিভাগের আরও পড়ুন