চকরিয়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ভাইবোন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরেক শিশু।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার নাসির উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৮) ও মেয়ে সাবা (৬)। নিহতরা আপন চাচাত ভাইবোন। আহত নুসরাত (৮) একই এলাকার আব্দুল গফুরের মেয়ে।
পুলিশ জানায়, মালুমঘাট এলাকার পাশ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম পথে নতুন ট্রেন চলাচল শুরু হয়েছে। কিছু শিশু সকালে কক্সবাজারগামী ট্রেন দেখতে রেললাইনে আসে।
ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাস তিন শিশুকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু এবং দুই শিশু আহত হয়।
আহতদের মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন। এ সময় চালক দুর্ঘটনা কবলিত বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশের পরিদর্শক ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।
জেসি
পড়ুন : উখিয়ায় ৩০ রোহিঙ্গা আটক