প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে সাড়ে ১৩ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল—ক্যাম্পেইন...

চট্টগ্রামে সাড়ে ১৩ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল—ক্যাম্পেইন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরী ও উপজেলায় ৬–৫৯ মাস বয়সী ১৩ লাখ ৬৮ হাজার ৬২৫ জন শিশুকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।

কর্মশালায় জানানো হয়, এবারের ভিটামিন–এ প্লাস ক্যাম্পেইনে চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ৮ লাখ ২৭ হাজার ৬২৫ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৫ লাখ ৪১ হাজার জন শিশুকে টিকা দেওয়া হবে। জেলায় ৮ লাখ ২৭ হাজার ৬২৫ জনের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯৬ হাজার ৭৯০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৩০ হাজার ৮৩৫ জন।

এছাড়া সিটি করপোরেশন এলাকায় ৫ লাখ ৪১ হাজার জনের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮১ হাজার জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬০ হাজার জন।

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন,  চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার ২০০টি ইউনিয়নে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ ৪ হাজার ৮৩২টি কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ৬–১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২–৫৯ মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে অবশ্যই ভরাপেটে শিশুদের এ ভিটামিন খাওয়াতে হবে। অসুস্থ শিশুদের খাওয়ানো যাবে না।

তিনি আরও বলেন, ভ্রমণে থাকাকালীন বিভিন্ন স্টেশন, টার্মিনাল, লঞ্চ ও ফেরি ঘাটের অস্থায়ী বুথে শিশুদের ভিটামিন এ খাওয়ানো যাবে।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় কর্মশালায়  মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার।

এছাড়া বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি ও সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মো. নওশাদ খান।

জেসি

পড়ুন : চট্টগ্রামে পেঁয়াজের দামে কারসাজি—৪ প্রতিষ্ঠানকে দণ্ড

এই বিভাগের আরও পড়ুন