প্রচ্ছদচট্টগ্রামকোতোয়ালীতে চাঞ্চল্যকর ডাকাতির 'মাস্টারমাইন্ড' গ্রেপ্তার

কোতোয়ালীতে চাঞ্চল্যকর ডাকাতির ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম নগরের জুবিলী রোডে মারামারির নাটক সাজিয়ে ৯ লাখ ৮০ হাজার টাকা ডাকাতির মামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ মিরাজ আহমেদকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে সাড়ে ৫টার দিকে কোতোয়ালীর ব্রিজঘাট বিআইডব্লিউটিএ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিরাজ আহমেদ কোতোয়ালীর ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ডের কামাল আহমেদ প্রকাশ ডাইল কামালের ছেলে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলাসহ সিএমপির কয়েকটি থানায় আরও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত ৯ জুলাই কোতোয়ালীর জুবিলী রোডের রয়েল টাওয়ারের সামনে সড়কের উপর মারামারির নাটক সাজিয়ে দুই যুবককে মারধর করে ৯ লাখ ৮০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায় একদল লোক। এঘটনায় কোতোয়লী থানায় মামলা হলে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ৭ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। তন্মধ্যে পাঁচজন আসামি আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পুলিশ জানায়, তাদের জবানবন্দি এবং মামলার তদন্তকালে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে মিরাজ আহমেদের নাম উঠে আসলে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে পুলিশ। অবশেষে শনিবার বিকালে মিরাজ আহমেদকে গ্রেপ্তার করা হয়।। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল্লাহ বলেন, আসামিরা সংঘবদ্ধ একটি ডাকাত চক্র। মিরাজ তার সহযোগীদের মাধ্যমে বড় বড় ব্যবসায়ীদেরকে টার্গেট করে এবং ব্যাংকিং লেনদেনের বিষয়ে খোঁজখবর নেয়। পরে ওই ব্যবসায়ীদের টাকা কে কোন ব্যাংকে কখন জমা দিতে যায় তাকে টার্গেট করে গতিবিধি নজরদারি করে। ওই ব্যক্তি ব্যাংকে টাকা জমা দিতে বা উত্তোলন করতে যাওয়ার সময় চক্রের সদস্যদের পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা স্থানে পৌঁছামাত্র মারামারির ঘটনার সৃষ্টি করে যাতে কেউ বাঁচানোর জন্য এগিয়ে না আসে। এমন ঘটনার একপর্যায়ে সুযোগ বুঝে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তারা বেশিরভাগই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

ওসি আরও বলেন, মিরাজের বিরুদ্ধে ইতোপূর্বে ডবলমুরিং মডেল থানায় একটি খুনের মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন