থার্টি ফাস্ট নাইটে মাদকাসক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা উল্লেখসহ ১৩টি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয় সিএমপি। একইসঙ্গে নাগরিকদের নিদের্শনাসমূহ অনুসরণ করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গীর্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সিএমপির নির্দেশনাসমূহ হলো:
রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোন ধরনের জমায়েত/সমাবেশ/উৎসব না করা, উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপনে কোন ধরনের অনুষ্ঠান, সমাবেশ বা নাচ-গান অথবা অন্যকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করা, কোথাও কোন ধরনের আতশবাজি, পটকা না ফুটানো এবং ফানুস না উড়ানো।
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে পরদিন সকাল ১০ টা পর্যন্ত পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান না করা, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইসেন্সকৃত সকল বার ও মদের দোকান বন্ধ রাখা, উচ্চস্বরে গাড়ির হর্ন না বাজানো; কিংবা বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক না চালানো, আনন্দ উদযাপনের ক্ষেত্রে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির প্রতি লক্ষ্য রেখে প্রত্যাশিত ও গ্রহণযোগ্য শালীনতা বজায় রাখা।
এছাড়া মাদক সেবন থেকে বিরত থাকা, মাদকাসক্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, সকল অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা এবং নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড হতে বিরত থাকা, অশোভন আচরণ এবং বেআইনী কার্যকলাপ হতে বিরত থাকা।
হোটেলে ডিজে পার্টির নামে কোন স্পেস বা কক্ষ ভাড়া না দেওয়া ও জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন যে কোনো ধরনের কর্মকাণ্ড পরিহার করা।
একইসঙ্গে ট্রাফিক নির্দেশনায় উচ্চস্বরে হর্ন না বাজানোসহ বেপরোয়া গতিতে যানবাহন না চালানোর অনুরোধ করা হয়েছে।
যে কোন গুরুত্বপূর্ণ সংবাদ/দুর্ঘটনা সংক্রান্ত তথ্য তৎক্ষণাৎ সিএমপির কন্ট্রোল রুম – ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে অনুরোধ করা হয়েছে।
ইংরেজি নববর্ষ-২০২৪ উদযাপন নির্বিঘ্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
জেসি