প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে জেঁকে বসেছে শীত, বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রামে জেঁকে বসেছে শীত, বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহ না থাকলেও অনুভূত হচ্ছে কনকনে ঠাণ্ডা। ঠাণ্ডা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। তীব্র এই শীতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামসহ সারাদেশে এমন পরিস্থিতি বিরাজ করতে পারে। এসময় সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনেও ঠাণ্ডা বেশি অনুভূত হতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

তীব্র শীতের প্রভাবে উত্তরবঙ্গের জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা না মেলায় কমছে তাপমাত্রা। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় কয়েকগুণ বাড়িয়েছে শীতের অনুভূতি।

শীত নিবারনে অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আবার কেউ কেউ কম দামে শীতবস্ত্র কিনতে পুরোনো পোশাক ও ফুটপাতের দোকানে ভিড় জমাচ্ছেন।

এদিকে জেঁকে বসা শীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।

জেসি

এই বিভাগের আরও পড়ুন