বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব।
এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ইজতেমার শেষ পর্ব। এবার বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৭ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সভায় জানানো হয়, ইজতেমা স্থলের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম দায়িত্ব পালন করবে। ইজতেমাস্থলের নিরাপত্তায় আকাশে র্যাবের হেলিকপ্টার টহল থাকবে।
আইজিপি আগামী ২-৪ ফেব্রুয়ারি ও ৯-১১ ফেব্রুয়ারি দুই পর্বে অনুষ্ঠিতব্য ইজতেমা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উভয় পক্ষের আয়োজকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমন্বয়ের মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানানো হয়।
সভায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ ইজতেমার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ইজতেমার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা উপস্থাপন করে।
এছাড়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দফতরের প্রতিনিধি ও তাবলীগের মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
জেসি