চট্টগ্রাম নগরে সকাল থেকে বন্ধ গ্যাস সরবরাহ। জ্বলছে না চুলা। কোথাও কোথাও চুলার একটু-আধটু আগুন জ্বললেও অনেক এলাকায় একেবারে বন্ধ। এতে রান্নাবান্নার কাজে দুর্ভোগে পড়েছে নগরবাসী।
জানা গেছে, আজ (শুক্রবার) সকাল থেকে কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহ কম থাকায় চট্টগ্রাম এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।
তবে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।
এদিকে গ্যাস না থাকায় কাফকো, সিইউএফএল, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রসহ গ্যাসনির্ভর সব শিল্প কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।
এছাড়া সিএনজি রিফুয়েলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকরাও গ্যাস সংকটে ভুগছে।
জানা যায়, আমদানিকৃত গ্যাস নির্ভর চট্টগ্রাম। ফলে দেশের অন্যান্য অঞ্চল থেকে গ্যাস এনে জরুরি পরিস্থিতি সামাল দেয়ার সুযোগ নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিংগাপুর থেকে আনা এলএনজিবাহী জাহাজ (টার্মিনাল) মহেশখালীতে সাগরের তলদেশে পাইপ লাইনে সংযোগ দেয়ার সময় বৃহস্পতিবার বিপর্যয় ঘটে। জাহাজের সাথে পাইপের সংযোগ দেওয়া সম্ভব না হওয়ায় গ্যাস সংকট প্রকট হয়ে উঠেছে। ফলে আজ সকাল থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সংকট সমাধানের চেষ্টা চলছে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
জেসি