প্রচ্ছদচট্টগ্রামসীতাকুণ্ডে এক রাতে ৩ বাড়িতে সশস্ত্র ডাকাতের হানা—লুটপাট

সীতাকুণ্ডে এক রাতে ৩ বাড়িতে সশস্ত্র ডাকাতের হানা—লুটপাট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৩ টার দিকে বড়দারোগাহাটের তিন বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

জানা যায়, উত্তর ফেদাইনগর এলাকার বাসিন্দা একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌসের বাড়ির দরজার তালা ভেঙে ঢুকে ডাকাতেরা তত্ত্বাবধায়ক মো. রফিক মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ডাকাত দল। তারা ঘরের আলমারি খুলে লুটপাট চালায়।

এরপর পাশের গ্রাম ফুলগাজীতে আমান উল্লাহ মেম্বার ও নাদেরুজ্জামানের বাড়িতে একই কায়দায় লুটপাট চালিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মোমিন বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে ৭-৮ জনের সশস্ত্র দল সাংবাদিক হাসান ফেরদৌস ও ফুলগাজী গ্রামের দুটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জাগো চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় ভুক্তভোগীদের কেউ মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন