সিএন্ডএফ প্রতিষ্ঠান ফেইস লজিস্টিকসের মালিকানাধীন ৬টি কাভার্ডভ্যান ভাড়া নেওয়ার পর আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
জানা গেছে, জামাল উদ্দিন আহমেদ চৌধুরী চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি নিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, ফেইস লজিস্টিকসের মালিকানাধীন ৬টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গত ১২ মে মামলা হয়। ঘটনার তদন্তে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। আত্মসাৎ হওয়া ৬টি কাভার্ডভ্যানের মূল্য প্রায় দুই কোটি টাকা।
ব্যবসায়ী সাইফুল ইসলাম নিটল মোটরস থেকে কিস্তিতে গাড়িগুলো কিনেছিলেন। গাড়িগুলোর সব কিস্তি পরিশোধ করা হয়েছে এবং নিটল মোটরসের কোনো পাওনা নেই। কাভার্ডভ্যানগুলোর নিবন্ধন নম্বর হলো: CM-TA-11-5650, CM-TA-11-4733, CM-TA-11-5649, CM-TA-11-5647, CM-TA-11-5648 এবং CM-TA-11-4324।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিম বলেন, শুক্রবার সকালে অভিযান চালিয়ে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেফতার এবং আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। বাকি পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
জেসি/ চট্টগ্রাম