লোহাগাড়ায় অভিমানে ফাঁসিতে ঝুলে আনিকা আকতার (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৩ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুখছড়ি নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আনিকা আকতার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুখছড়ি নয়াপাড়ার আকতার হোসেন ড্রাইভারের কন্যা। তিনি আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জিয়াবুল ইসলাম বলেন, আনিকা আকতারের আত্মহত্যার খবর পেয়ে থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে দশটার দিকে বাসায় টিভি দেখার সময় পারিবারিক বিষয়ে আনিকাকে বকাঝকা করেন দাদী নুরুজ্জাহান বেগম। এরপর তিনি সেখান থেকে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং পরে রাতের খাবার খেতে ডাকতে গিয়ে দরজা ধাক্কা দিলেও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখা যায় গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আছে। এরপর পরিবারের লোকজন আনিকাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম ইউনুছ বলেন, আনিকার মৃত্যুর খবর পেয়ে আমিসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হই। খোঁজ নিয়ে জানতে পারি দাদীর সঙ্গে কথা কাটাকাটির জেরে অভিমানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
যোগাযোগ করা হলে লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেসি