প্রচ্ছদটপ নিউজচট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

নিজস্ব প্রতিবেদক

বন্দর নগরী চট্টগ্রামে বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালা। চলেছে সবধরনের গণপরিবহন। খোলা ছিল মার্কেট, শপিংমল ও দোকানপাট। এছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ছিল। বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় ছিল পুলিশ। টহল পুলিশের তৎপরতাও ছিল চোখে পড়ার মত।

রোববার (৫ নভেম্বর) নগরের চকবাজার, গুলজার মোড়, দিদার মার্কেট, বহদ্দারহাট, মুরাদপুর, দুনম্বর গেট, জিইসি, ওয়াসা, কাজির দেউড়ি, জামালখান, চেরাগী, আন্দরকিল্লা ও টেরীবাজার এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। এসব এলাকায় গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল তুলনামূলক কম।

এদিকে হরতাল চলাকালীন নগরে স্বাভাবিক ছিল জীবনযাত্রা। দুএক জায়গায় ঝটিকা মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। আজ ভোর ৫টার দিকে পতেঙ্গা সিটি করপোরেশন মহিলা কলেজের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে চকবাজার ও মুরাদপুর মোড়ে হরতাল ও অবরোধের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

হরতালে কাজির দেউড়ির বিএনপির দলীয় কার্যালয় ছিল প্রায় ফাঁকা। বাইরে ছিল বিপুল সংখ্যক পুলিশের অবস্থান।

নগরের টেরীবাজার এলাকার প্রায় সব দোকানপাট ছিল খোলা। এছাড়া চকবাজার এলাকার বালি আর্কেড, আধুনিক চকসুপার মার্কেট, গুলজার টাওয়ার, মতি টাওয়ার, মতি কমপ্লেক্স, চকসুপার মার্কেট সকাল থেকে খোলা দেখা গেছে। তবে ক্রেতার উপস্থিতি ছিল কম।

দিদার মার্কেট এলাকার সব স্বর্ণের দোকান ছিল খোলা। মার্কেটের সামনে দেখা গেছে একদল পুলিশকে।

বহদ্দারহাট, মুরাদপুর ও দুনম্বর গেট এলাকা ছিল অন্যান্য দিনের মত স্বাভাবিক। বিভিন্ন মোড়ে মোড়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়েছিল বাস ও টেম্পু। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গাড়ি ও মানুষের সংখ্যা।

প্রসঙ্গত, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমাণ্ডে নেওয়ার প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল দিয়েছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাতে গুলশানের ৮১ নম্বর রোডের বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন (শুক্রবার) ১০ দিনের রিমাণ্ড চাওয়া হলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেসি

আরও পড়ুন : চট্টগ্রামে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল রোববার

চট্টগ্রামে হরতালের শুরুতে বাসে আগুন

এই বিভাগের আরও পড়ুন