বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আজ (সোমবার) শেষ দিনে বন্দর নগরী চট্টগ্রামে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা।
সোমবার (৬ নভেম্বর) সকালে নগরের চকবাজার মোড়ে দেখা গেল এমন দৃশ্য। শুধু চকবাজার নয়, পুরো নগরের দৃশ্য প্রায় এমনই।
এদিকে চট্টগ্রামে রোববার (৫ নভেম্বর) বিএনপির ঢাকা হরতালেও জনজীবন ও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
সরেজমিন দেখা যায়, চকবাজার মোড়ে বুলেট প্রুৃফ জ্যাকেট ও হাতে লাঠি ও কাঁধে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে পুলিশ সদস্যরা। এর পাশ দিয়ে নির্বিঘ্নে চলাচল করছে বিভিন্ন যানবাহন, পথচারী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
এসময় বহদ্দারহাট থেকে যাত্রী নিয়ে চকবাজার মোড় আসা টেম্পু চালক জাহেদ বলেন, সকাল থেকে ৫-৬ বান বহদ্দারহাট চকবাজার আন্দরকিল্লা হয়ে আমতল মার্কেট আসা-যাওয়া করেছি। এ পর্যন্ত প্রতে কোনো সমস্যা হয়নি।
টেম্পু চালকের সুরে একই কথা বললেন মিনিবাস চালক মো. খোকন। তিনি বলেন, দিনের চেয়ে সন্ধ্যা ও রাতে হামলার শঙ্কা বেশি থাকে। তবুও ঝুঁকি ও সতর্ক থেকে গাড়ি চালাচ্ছি।
এদিকে অবরোধ চলাকালীন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নগরে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম।
যোগাযোগ করা হলে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের মজুমদার জাগো চট্টগ্রামকে বলেন, জনগণের নিরাপত্তায় জানমাল নিরাপত্তায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত চকবাজার এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ওসি আরও বলেন, টহল পুলিশের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের কোনো ছাড় নেই। এসব দুষ্কৃতিকারীতের বিরুদ্ধে জনসাধারণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা তিনদিন দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।
পড়ুন : চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল