সরকার পতনের একদফা দাবিতে বিরোধী দল বিএনপির ডাকা চতুর্থ দফা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ (১২ নভেম্বর) সকাল থেকে। তবে অবরোধে সংবাদমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
আজ (রোববার) সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ পালিত হবে। বিএনপি ছাড়াও জামায়াত, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, গণফোরাম-বিপিপিসহ কয়েকটি দল ও জোট পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে।
এর আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় তিনি বলেন, রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি চলবে। এ অবরোধে সংবাদমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান রিজভী।
তিনি বলেন, গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং গ্রেপ্তার হওয়া সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক মণ্ডলীসহ সারাদেশে হাজারো নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ১২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।
এদিকে কয়েক দফা ডাকা অবরোধের কোনো প্রভাব পড়েনি বন্দর নগরীর চট্টগ্রামে। যানবাহন, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। নগরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
প্রসঙ্গত, বুধবার ৮ (নভেম্বর) সকাল ৬টা থেকে তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর আগে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করে বিএনপিসহ মিত্ররা।
এছাড়া ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি এবং ২৯ অক্টোবর সারা দেশে হরতাল পালিত হয়।
জেসি