প্রচ্ছদজাতীয়ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান...

ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাগো প্রতিবেদক

পবিত্র রমজান মাসে ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (মার্চ ১৩) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহ্বান জানান।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে ২৮ ফেব্রুয়ারি সরকারিভাবে বড় ইফতার পার্টি না করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী আজ একটি আবেদন জানিয়েছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী এরই মধ্যে ইফতার পার্টি না করার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে তারা যেন সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। ইফতার পার্টির টাকা নিয়ে যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাজার নিয়ন্ত্রণে সারাদেশে বাজার মনিটরিং কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বেশ কয়েকটি বড় কোম্পানি ঢাকা শহরে এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় মিলগেটে যে রেট সেই রেটে তারা তাদের পণ্য বিক্রি করবে। মাঝখানে অনেক হাত হয়, সেজন্য মিলগেটে নিজ উদ্যোগে তেল, ডাল, চিনি বিক্রি শুরু করেছে এবং এটির পয়েন্ট আরও বাড়বে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন