চট্টগ্রাম নগরীতে নানা আয়োজনে পালিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। এদিন ত্রিস্মৃতি বিজড়িত মহামানব গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন।
বুধবার (২২ মে) দুপুরে এ উপলক্ষে নগরীতে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে থেকে শুরু হয়ে মোমিন রোড, জামাল খান, চেরাগী মোড়, আন্দরকিল্লা, লালদীঘি, কে সি দে রোড, বোস ব্রাদার্স ও নন্দনকানন হয়ে বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। এতে হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরর ঢল নামে।
এছাড়া এদিন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল-সকালে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বুদ্ধের অস্থি ধাতু ও কেশধাতু প্রদর্শন, সমবেত প্রার্থনা, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ, অষ্টপরিস্কারসহ সংঘদান, মধ্যাহ্ন ভোজ ও সন্ধ্যায় কীর্তন পরিবেশিত হয়।
এর আগে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও একুশে পদকপ্রাপ্ত ড. জিনবোধি ভিক্ষু। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
উদ্বোধকের বক্তব্যে ড. জিনবোধি ভিক্ষু বলেন, বিশ্ব আজ মহাসংকট ও অশান্তিতে। সমগ্র বিশ্ব যেন এক হাহাকারময়। অশান্ত বিশ্বে একমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব মহাকারণিক গৌতম বুদ্ধের অমৃত মৈত্রী বাণী অনুসরণের মাধ্যমে।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। অশান্ত বিশ্ব শান্ত ও সুন্দর করার ক্ষেত্রে বুদ্ধের অহিংস বাণী ছড়িয়ে দিতে হবে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের অহিংস বাণী অনুসরণের আহ্বান জানান তিনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব ভদন্ত এস লোকজিৎ মহাথেরো, চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাপাল মহাথেরো, চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. দীপংকর থেরো, চেমি কপিলাবস্তু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তদন্ত দীপংকর মহাথেরো, ভদন্ত অগ্রলংকার থেরো, হিল চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সাধনাজ্যোতি মহাথেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দবোধি ভিক্ষু, আর্যমিত্র মহাথেরো, রাসেল বড়ুয়া,স্থপতি বিজয় তালুকদার, ব্যাংকার বিজয় বড়ুয়া, অ্যাড. সুজন বড়ুয়া, সঞ্চয় বড়ুয়া, অ্যাড. দীর্ঘতম বড়ুয়া, অনীল বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, ব্যাংকার সবুজ বড়ুয়া, তাপস বড়ুয়া, রণি বড়ুয়া, মিনটু বড়ুয়া ও রুকেল বড়ুয়া । বিজ্ঞপ্তি