ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকে একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৮), চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার মৃত নয়া ব্যাপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)। নিহত নাফিজ আহমেদ অয়ন বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেসি/চট্টগ্রাম