চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার এসআই (নিঃ) মনজুরুল আলম ভূঞাঁ, এসআই (নিঃ) শফিউল আলম ও এসআই (নিঃ) একে এম জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
মো. সেলিম নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটক দুই যুবক হলেন— মো. জোবায়ের (২৮) ও নয়ন শীল (২৯)। মো. জোবায়েরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবং নয়ন শীলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।
তারা বাকলিয়া থানা এলাকায় ভাড়াবাসায় থাকতেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছিলেন। এ ঘটনায় মো. সিলিম নামের এক ব্যক্তি বাকলিয়া থানায় মামলা নং-০৪ (তারিখ: ০৩ জানুয়ারি ২০২৬) দায়ের করেছেন।
আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান।
জেসি/ চট্টগ্রাম