প্রচ্ছদআন্তর্জাতিক‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান।

আজ ৯ জিলহজ মঙ্গলবার পবিত্র হজ। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করছেন। কোভিড-১৯ মহামারীর পর এই বছর প্রথমবারের সৌদি কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ হজ পালনের লক্ষ্যে হাজিদের জন্য নিরাপদ এবং ত্রুটিমুক্ত চলাচল নিশ্চিত করার পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা তৈরি করেছে।

সাদা এহরাম পরিহিত হাজিদের উপস্থিতিতে সাদায় একাকার হয়ে উঠেছে আরাফাতের ময়দান। ফজরের পর সারাবিশ্ব থেকে আগত ২৩ লাখ মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন।

আজ ৯ জিলহজ মূল হজের দিন হাজিরা আরাফাতের ময়দানে থাকবেন সূর্যাস্ত পর্যন্ত। চার বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল মাঠের দক্ষিণে মক্কা, উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরও প্রায় পৌনে ১ মাইল বিস্তৃত। হাজীরা নিজেদের মতো সুবিধাজনক স্থান বেছে নিয়ে ইবাদত করবেন, হজের খুতবা শুনবেন এবং যোহর ও আসরের নামাজ একসাথে আদায় করবেন।

সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করবেন হাজিরা এবং মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করে সমস্ত রাত অবস্থান করবেন। মিনায় জামরাতে নিক্ষেপ করার জন্য ৭০টি কংকর এখান থেকে সংগ্রহ করা হয়।

আরাফাত ময়দানে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মসজিদ নামিরা থেকে হজের খুতবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। মসজিদে নামিরায় হজের খুতবা পাঠ করবেন গ্র্যান্ড ইমাম ড. ইউছুফ মুহাম্মদ বিন সাঈদ।

আরাফাত ময়দান থেকে এবারে হজের আরবি খুতবা বাংলাসহ বিশ্বের ২০টি দেশের ভাষায় শোনা যাবে। এ বছর বাংলায় হজের খুতবা অনুবাদ করবেন মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আ ফ ম ওয়াহীদুর রহমান।

শয়তানকে সাতটি কংকর নিক্ষেপ, মাথা মুণ্ডন ও কোরবানি দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে ঈদ পালন করবেন হাজীরা।

এই বিভাগের আরও পড়ুন