চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি শিশু পার্কে সিলগালা করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে যেসব শর্তে এটা ব্যবহার করতে দেওয়া হয়েছিল তার ব্যত্যয় ঘটায় পার্কটি সিলগাল করে দেয়া হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সেনানিবাসের এক্সিকিউটিভ অফিসার সাজিয়া তাহেরকে স্থাপনাটি বুঝিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং ও রাকিবুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।
নু এমং মারমা মং বলেন, ‘শিশু পার্কের জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি। যেসব শর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এটি ব্যবহার করতে দেওয়া হয়েছিল তার ব্যত্যয় ঘটেছে। তাই জায়গাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তবে পার্কে সিলগালা করে দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তারা বলেন, এই পার্কে প্রতিদিন স্বপরিবারে অনেক মানুষ আসতো। এখানে ব্যবসা করে অনেক মানুষের সংসার চলতো। এটি সিলগালা করে দেয়ায় অনেক মালিক- কর্মচারীর রুটিরুজির পথ বন্ধ হয়ে গেলো।
তারা আরও জানান, পার্কটির মেয়াদ আরো ১৫ বছরের জন্য নবায়ন করা হয়েছিল। এখন মাত্র ৩ বছর অতিবাহিত হয়েছে। মেয়াদের আরো ১২ বছর বাকি থাকতে পার্কে জেলা প্রশাসনের সিলগালা করা অন্যায় হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রামে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল সার্কিট হাউসে। এ সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের ইলেকট্রিক চেয়ারে নির্যাতন করা হয়েছিল। এখানেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিজয় মঞ্চে স্মৃতিচারণ করতেন বীর মুক্তিযোদ্ধারা। চট্টগ্রামের বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল সার্কিট হাউস সংলগ্ন বাণিজ্যিক শিশু পার্কটি বন্ধ করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সবুজ চত্বর তৈরির। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
জেসি