চট্টগ্রাম নগরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ আক্টোবর) রাত ১০টার দিকে জিইসির মোড় কে কনভেনশনের সামনে এ ঘটনা ঘটে।
তবে বাসটিতে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিএনপি- জামায়াতের অবরোধ কর্মসূচির আগের রাতে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা বলতে পারছে না পুলিশ।
জানা যায়, আগুন লাগানো বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাত্রী নিয়ে এসেছিল। বাসে আগুন ধরার পরপরই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা । প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ গয়ে যায়। আগুন নিয়ন্ত্রণের পর যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে বাসে আগুন দেয়ার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ টহল দিচ্ছে বলে জানান সিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার(এডিসি- উত্তর) পংকজ দত্ত।
তিনি বলেন, ‘আগুন নেভানোর পর বাসটির গ্যাস সিলিন্ডাররে ছিদ্র পাওয়া গেছে। যেখান থেকে গ্যাস নির্গত হচ্ছে। বাসটিতে কেউ আগুন দিয়েছে নাকি গ্যাস থেকে লেগেছে তা এখন খতিয়ে দেখা হচ্ছে। আমরা কোনো প্রত্যক্ষদর্শী পাইনি। কারণ নির্ণয়ের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
জেসি